গপ্প ক’রে গল্পমাসি
গপ্প মেসো কই?
সজনে তলায় ভূতুম আসি
নাচতে থাকে অই।
ভূতুম নাচে ভূতুম নাচে
খুকু চেয়ে রয়
খুকী ঘরে জ্বরে কাশে
আবল-তাবল কয়।
সরষে মাঝে ভূতের আঁচড়
গপ্প চড়ে গাছে
আকাশ শূন্যে গিয়ে খেচর
উড়তে থাকে পাছে।
ভূতের মাসি ভূতের পিসি
দেখতে যদি চাও
খুলে ফেলো রঙের শিশি
মুখে মেখে নাও।
দাঁড়াও গিয়ে আয়না পাশে
কী দেখতে পা-ও?
ভূত নামের ওই ছবি হাসে
যেমন তুমি চাও!!
============================
উড়ে যায় বক পাখি
উড়ে যায় টিয়ে
বেনেবউ জেগে উঠে
আড়মোড়া দিয়ে।
আকাশে ঘুমিয়ে রোদ
যত সুখ পায়
তার চেয়ে ঢের সুখ
আছে পাড়া গায়।
এই কথা ভেবে ভেবে
রাত হয় ভোর
ঘুম ভেঙে খুকুমণি
খুলে দেয় দোর।
হাতমুখ ধুয়ে খুকি
পাঠে দেয় মন
মানুষ হতেই হবে
এই তার পণ।
পাড়া গাঁয় খোকাখুকু
বেনেবউ খেলে
খুশিমনে তারা দেখি
চোখদু’টো মেলে।
============================
বুনোহাঁস খায় ঘাস
পাতা ঝরে বাহারে
সূর্যের হাসি টুকু-
উঁকি মারে পাহাড়ে।
রঙধনু জেগে ওঠে
মেঘভাঙ্গা আকাশে
কাশফুল খায় দোল
সোনা ঝরা বাতাসে।
সাদা বক চক চক
জল ডোবা হাওরে
ঠোঁট ভরা মাছ নিয়ে
কোথা উড়ে যাওরে।
আমনের ধান ডুবে
কালাপানি আহারে
শাপলার ফুল ফোটে
খুশি বলি কাহারে।