তোমার প্রেমেই বাঁচি ও অন্যান্য কবিতা
তোমার প্রেমেই বাঁচি
প্রেমের চিঠি পুরনো খাতা
অবুঝ হৃদয় ক্লান্ত দুপুর ঝিমিয়ে পড়া স্মৃতি-
বিস্মৃতি পুরনো এলবামে কিছু কিছু ব্যথা….
জেঁকে বসে থাকা সেই সবুজের পাতা
বক্ষে রেখে তোমার প্রেমেই বাঁচি।
পুরনো সেই সময়, অধরা স্বপ্নকে
পোস্টার ব্যানারে আঁকি।
দ্যাখো পৃথিবী কতো সুন্দর
শুধু তুমি পাশে আছো বলে
এ জীবন সূর্যকিরণের অনুরাগে
আবেগ আপ্লূত হয়
তোমার স্পর্শেই জাগে প্রাণ
হিয়ার অতলে।
হে বিশুদ্ধ সরোবর
তোমার শীতল বক্ষপিঞ্জরে জুড়াই
তাপিত বুভুক্ষু দেহ
সুসজ্জিত হয় সবুজ বাংলার গেহ।
২০/১২/২০২৫, দোহার, ঢাকা।
মন জংশনে তুমি সপ্তর্ষি তারা
একই আকাশে চাঁদ সুরুজ হয়ে জ্বলে আছি
অসীম অন্ধকারের নিশুতি রাতের দ্বারে
ফাল্গুনের পোড়া চোখে দেখেছি
অবিশ্রান্ত প্রেমের অবিমিশ্রিত মুখ
উন্মুখ নিয়ন আলোর শুভ্র পাড়ে
তখন তুমি অনেক দূরে বহুদূরে
সমুদ্র সফেন পেড়িয়ে দাঁড়িয়ে ছিলে পৃথিবীর মুকুট হয়ে
আর আমি নির্বাসিত আগুনের দন্ডে দন্ডিত বূহ্যে
হেঁটেছি প্রেমানল লয়ে তোমার শাসত বুকে
থেকেছি নন্দিত গহনে তোমার অবচেতন মনে।
হে ফাগুন আগুন জ্বেলে সবুজকে পুড়িয়েছো
কৃষ্ণচূড়ার লাজ লজ্জার বেশ ভুষণে
হে চাঁদমুখ হে স্মৃতি বিস্মৃতির অন্ধকার নোলক পড়া লজ্জাবতী
তোমাকে আলোকিত করেছি আমার শুভ্রতা জড়ানো আলোকিত ঠোঁটে।
স্পর্শ করেছি তোমার নিভৃত চিবুকের দেশ স্বদেশ
আর দূর হতে অদূরে গিয়ে হেসেছি মৌন বিহগ মলিন মুখে
যেইনা হেসেছি সেইতো ডুবেছি মাঝ গঙ্গায়
হে নৈঃশব্দের বেণু তোমার দূরত্ব ভালোবাসার অন্তহীন দহন-এ পোড়ায়।
যে পোড়া প্রেমে সপ্তর্ষি জ্বলে যাচ্ছে কোটি বছর ধরে নীল আকাশে
তার অন্তরজুড়ে সমুদ্র স্নান করে যাচ্ছে বসন্ত রঙের স্বপ্ন
অনন্তকাল ফুলের সমুদ্রে মুখ লুকিয়ে যে স্বপ্ন অবলোকন করে যাচ্ছি আমি
তা-তো কেবল তোমার কাছে ফেরা আমার সমস্ত স্বর্গীয় অনুভূতির অনুসর্গ।
মায়াবী তাঁরা
তুমি হলে অগোছালো জীবনের
শেষ রাতের মায়াবী তাঁরা!
“Late night magical star”
বন্ধনহীন কালো চুল আঁচড়ানোর
একটি লাল চিরুনী!
যাকে খুঁজে পাই উপন্যাসের অন্তরে
দেবদাসের বাল্যপ্রেমিকা পার্বতী রূপে।
তোমার স্পর্শে আমি হয়ে যাই নেহাৎ
বারবণিতা চন্দ্রমুখীর দেবদাস।
তুমি হীন এক গভীর শূন্যতা
আমাকে বিদ্রুপ করে লোকালয়,
বরেণ্য লেখকের অনন্য লেখা
আর কাব্যিক পরমানন্দের কবিতা।
২৫/১০/২০২৫, দোহার, ঢাকা।
আমরা মানুষ
আমরা সবাই মানুষ-
একই মায়ের গর্বিত সন্তান
হিন্দু-মুসলিম পার্সি বৌদ্ধ খ্রিষ্টান
জৈন ইহুদি নানা নামে গড়ি অধিষ্ঠান।
হাজারো ধর্ম হাজারো মতবাদ
ছিলো আছে থাকবে নিত্য নতুন প্রতিবাদ
তবুও মানুষ ধর্মান্ধ নির্বোধ যা-ই হইনা কেন
জগৎ সংসারে মানুষ মহান স্রষ্টার আশীর্বাদে শ্রেষ্ঠ।
এই যে আমরা মানবজাতি এমন
হাজারো ভাষায় ডাকি তাঁকে যে থাকে অন্তরে
সারাক্ষণ অনুভবে পাই আপনার চেয়ে আপন যেজন।
পাগলের মতো ডাকি তাঁকে
আল্লাহ খোদা ভগবান লর্ড যীশু
অহুর মজদা স্বকীয় স্পন্দন সে একজনই
মতবাদ শুধু মতান্তর একই গোত্র আমরা সবাই
সমস্ত সৃষ্টির সেরা গর্বিত মানুষ।
০৬/১০/২০২৪, দোহার, ঢাকা।
ছোয়াচে
চিরকালই এ হৃদয় উপ-পরজীবী
অন্যকে আলিঙ্গন করেই বেঁচে থাকে ,
প্রেম-ভালোবাসা কোনো রোগ নয়
তথাপি কি ভীষণ ছোঁয়াচে!