বর্তমান সময়ে আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে প্রযুক্তি শুধু আমাদের কাজ সহজ করছে না, বরং আমাদের চিন্তা–ভাবনার ধরণও বদলে দিচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রে আছে একটি শব্দ—কৃত্রিম বুদ্ধিমত্তা, বা ইংরেজিতে Artificial Intelligence (AI)। কিছুদিন আগেও “কৃত্রিম বুদ্ধিমত্তা” বা Artificial Intelligence (AI) শব্দটি শুনলে অনেকের মনে রোবট, ভবিষ্যতের শহর বা বিজ্ঞান কল্পকাহিনীর দৃশ্য ভেসে উঠত। […]
বর্তমান সময়ে আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে প্রযুক্তি শুধু আমাদের কাজ সহজ করছে না, বরং আমাদের চিন্তা–ভাবনার ধরণও বদলে দিচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রে আছে একটি শব্দ—কৃত্রিম বুদ্ধিমত্তা, বা ইংরেজিতে Artificial Intelligence (AI)।
কিছুদিন আগেও “কৃত্রিম বুদ্ধিমত্তা” বা Artificial Intelligence (AI) শব্দটি শুনলে অনেকের মনে রোবট, ভবিষ্যতের শহর বা বিজ্ঞান কল্পকাহিনীর দৃশ্য ভেসে উঠত। কিন্তু এখন AI কোনো কল্পকাহিনী নয়—এটি আমাদের প্রতিদিনের জীবনের অংশ। আমরা বুঝতে পারি বা না পারি, প্রতিদিনই কোনো না কোনোভাবে AI ব্যবহার করছি।
সহজভাবে বললে, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন প্রযুক্তি যা কম্পিউটার বা যন্ত্রকে মানুষের মতো চিন্তা করতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মানুষ যেমন অভিজ্ঞতা থেকে শেখে, AI তেমনি বিপুল পরিমাণ তথ্য (ডেটা) বিশ্লেষণ করে শিখে।
উদাহরণ হিসেবে ধরুন—আপনি যদি ইউটিউবে একটি গান শোনেন, কিছুক্ষণ পর আপনাকে একই ধরনের গান সাজেস্ট করা হয়। অথবা অনলাইনে একটি পণ্য খুঁজলে পরবর্তীতে সেই ধরনের বিজ্ঞাপন দেখতে পান। অথবা গুগলে কিছু সার্চ করলে, পরবর্তীতে সেই বিষয়ের বিজ্ঞাপন দেখতে পান। এসবের পেছনে কাজ করছে AI-ভিত্তিক অ্যালগরিদম।
AI এখন আমাদের খুব কাছের সঙ্গী। আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে, জেনে কিংবা অজানতেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে চলেছি।
স্মার্টফোনে AI: আমাদের ফোনের ফেস আনলক, অটো-করেক্ট বা ভয়েস কমান্ড—সবই AI-এর ফল। যেমন Google Assistant বা Siri আমাদের কথাকে বুঝে কাজ সম্পন্ন করে।
সামাজিক যোগাযোগমাধ্যম: ফেসবুক বা ইউটিউব আমাদের পছন্দ অনুযায়ী পোস্ট ও ভিডিও দেখায়। এতে আমরা বেশি সময় প্ল্যাটফর্মে থাকি—এটিও AI-এর একটি ব্যবহার।
গুগল ম্যাপ ও নেভিগেশন: রাস্তার যানজট বিশ্লেষণ করে দ্রুততম পথ দেখানো—এটিও AI-এর অসাধারণ উদাহরণ।
অনলাইন শপিং: বর্তমানে আমরা যখন কোনো ই-কমার্স সাইটে (যেমন: আমাজন, দারাজ) ঢুকি, তখন মনে হয় যেন দোকানটি কেবল আমার জন্যই সাজানো হয়েছে। এটি মোটেও কাকতালীয় নয়; বরং পর্দার আড়ালে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিশালী সব অ্যালগরিদম। আপনি আগে কী কিনেছেন, কোন পণ্যে ক্লিক করেছেন, এমনকি কোনো পণ্যের দিকে কতক্ষণ তাকিয়ে স্ক্রল করেছেন—এই সব তথ্য বিশ্লেষণ করে AI আপনার একটি ‘পছন্দের প্রোফাইল’ তৈরি করে। একে বলা হয় ‘Recommendation Engine’।
অর্থাৎ AI আমাদের জীবনকে আরও দ্রুত, সহজ ও ব্যক্তিকেন্দ্রিক করে তুলছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI আমাদের প্রাত্যহিক জীবন ও কর্মক্ষেত্রে এক আমূল পরিবর্তন নিয়ে এসেছে। মানুষের চেয়ে কয়েক হাজার গুণ দ্রুত ডেটা প্রসেসিং করতে পারায় AI প্রশাসনিক ও প্রযুক্তিগত কাজের সময় কমিয়ে দিচ্ছে। ফলে কম সময়ে বেশি কাজ করা সম্ভব হচ্ছে। মানুষ ক্লান্ত হলে বা মনোযোগ হারালে ভুল করতে পারে, কিন্তু AI গাণিতিক ও যান্ত্রিক কাজে শতভাগ নির্ভুলতা বজায় রাখে। এটি বিশেষ করে ডাটা এন্ট্রি ও ল্যাবরেটরি গবেষণায় অত্যন্ত কার্যকর। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে মহাকাশ গবেষণা—জটিল গাণিতিক হিসাব বা বৈজ্ঞানিক সিমুলেশন AI-এর মাধ্যমে খুব সহজে ও নির্ভুলভাবে সমাধান করা যাচ্ছে। অনেকে মনে করেন AI কাজ কেড়ে নেবে, তবে বাস্তবে এটি ডেটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ার এবং মেশিন লার্নিং স্পেশালিস্টের মতো হাজার হাজার নতুন ও আধুনিক পেশার পথ খুলে দিয়েছে। AI কেবল একটি প্রযুক্তি নয়, এটি মানুষের মেধার পরিপূরক হিসেবে ব্যবসা, গবেষণা ও আধুনিক প্রযুক্তিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
প্রযুক্তির প্রতিটি আশীর্বাদের পেছনে কিছু ঝুঁকিও থাকে। AI-এর ক্ষেত্রেও আমাদের নিচের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। অনেক কায়িক বা রুটিনমাফিক কাজ স্বয়ংক্রিয় হয়ে যাওয়ায় কিছু প্রচলিত পেশা বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তবে এর বিপরীতে নতুন ধরনের দক্ষতাপূর্ণ পেশার সৃষ্টি হলেও, স্বল্প দক্ষ জনশক্তির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। AI পরিচালনার জন্য প্রচুর ব্যক্তিগত তথ্যের প্রয়োজন হয়। এই তথ্যগুলো যদি সঠিক সুরক্ষায় না থাকে, তবে হ্যাকিং বা তথ্য ফাঁসের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা চরমভাবে লঙ্ঘিত হতে পারে। বর্তমানে AI ব্যবহার করে তৈরি করা ‘ডিপফেক’ (Deepfake) ছবি বা ভিডিও হুবহু বাস্তবের মতো দেখায়। এটি ব্যবহার করে ভুয়া খবর ছড়ানো, ব্ল্যাকমেইল করা বা কারো মানহানি করার মতো সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করা সম্ভব। AI যদি ভুল বা বৈষম্যমূলক তথ্যের ওপর ভিত্তি করে প্রশিক্ষণ পায়, তবে তার দেওয়া সিদ্ধান্তও পক্ষপাতদুষ্ট হতে পারে, যা সামাজিক বৈষম্য আরও বাড়িয়ে দিতে পারে। AI-এর এই নেতিবাচক দিকগুলো এড়িয়ে চলতে হলে আমাদের প্রযুক্তির নৈতিক ব্যবহারের (AI Ethics) ওপর জোর দিতে হবে।
আজকাল AI দিয়ে কারও ছবি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করা সম্ভব। কেউ কেউ এটি ব্ল্যাকমেইল বা প্রতারণার কাজে ব্যবহার করে । তাই নিজেকে সুরক্ষিত রাখতে সামাজিক মাধ্যমে অতিরিক্ত ব্যক্তিগত ছবি বা তথ্য শেয়ার করবেন না। সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না। অচেনা ভিডিও বা খবর যাচাই না করে বিশ্বাস করবেন না । শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। কেউ ব্ল্যাকমেইল করলে আইনগত সহায়তা নিন। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, সচেতনতা তত বেশি জরুরি হয়ে উঠছে।
·
অনেকের মনেই এই প্রশ্নটি ঘুরপাক খায়—AI কি ভবিষ্যতে মানুষের জায়গা দখল করবে? তবে বাস্তবতা হলো, AI মানুষের ‘বিকল্প’ নয়, বরং এটি মানুষের এক শক্তিশালী ‘সহযোগী’। প্রযুক্তির যত উন্নতিই হোক না কেন, কিছু মানবিক গুণাবলি কোনো যন্ত্র বা অ্যালগরিদম কখনোই অর্জন করতে পারবে না। একজন চিকিৎসক বা শিক্ষকের যে মমত্ববোধ, তা AI-এর নেই। ভালো-মন্দের পার্থক্য বোঝা বা নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল মানুষেরই আছে। AI তথ্য বিশ্লেষণ করে নতুন কিছু তৈরি করতে পারলেও মানুষের মতো মৌলিক ও স্বতঃস্ফূর্ত সৃজনশীলতা তার নেই।
ভবিষ্যতের প্রস্তুতি: ভয় নয়, জয়
ভবিষ্যতের পৃথিবী তাদেরই হবে, যারা AI-কে ভয় না পেয়ে একে নিজের কাজে ব্যবহার করতে শিখবে। যারা এই প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে, তারাই কর্মক্ষেত্রে ও গবেষণায় সবচেয়ে সফল হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের মস্তিষ্ককে প্রতিস্থাপন করতে আসেনি, বরং এটি আমাদের বুদ্ধিমত্তাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে এসেছে। প্রযুক্তিকে শেখার মাধ্যমে আপন করে নেওয়াই হোক আগামীর মূলমন্ত্র।
সিমান্ত মন্ডল: Currently Doing PhD in AI for Agrifood and Environment, University of Naples Federico II, Naples, Italy