শেষ কথাটি বলার পরেও কিছু কথা থেকে যায়
শেষ দেখার পরেও কতকিছু অদেখা রয়ে যায়
শেষ পথের পরেও কিছুটা পথ থেকে যায় বাকি
সব দুঃখ ভোলার পরেও কিছু দুঃখ তুলে রাখি।
প্রেমের শেষ নেই জেনেও টানি প্রেমের সমাপ্তি
ভুলে যাই জীবনের পদে পদে প্রেমের মহাব্যপ্তি
শেষ চিঠির পরেও কত চিঠি লিখেছি মনে মনে
সেসব কথা না-ই বা শুনলে, থাকনা সঙ্গোপনে।
শেষ বিদায়ের পরেও কতবার ফিরে ফিরে আসি
ভালোবাসি বলবো না বলেও আবার ভালোবাসি
কাঁদবো না বলেও কতশত কান্না বুকে চেপে রাখি
হাসবার ছলে লুকিয়ে লুকিয়ে জলে ভরেছি আঁখি।
আসবে না জেনেও তবু পথের পানে চেয়ে রই
শুনবে না জেনেও নিজের সাথে একা কথা কই
বুঝবে না জেনেও সযত্নে সাজাই চোখের ভাষা
আশার প্রদীপ নিভে গেলেও বুকে জ্বলে দুরাশা।
গন্তব্য নেই জেনেও থেমে যায়নি জীবনের পথ
দুঃখের মাঝে থেকেও করি ভালো থাকার শপথ
যতদূরেই রাখতে চাও, ফিরে আসি কাছাকাছি
আমায় কাঁদিয়ে কেনো গো দূরে থাকো মিছামিছি।
আমাদের ভালোবাসার প্রিয়ে নেই কোন পরিণাম
তবুও সেই অসম্ভবের পায়ে বারে বারে করি প্রণাম
যতবার আসবো তোমাকে চাইবো এটাই শেষ কথা
শত জনম পরেও হলেও একদিন বুঝবে এই ব্যথা।
একটু অবসর চাই
একটু অবসর চাই
হৃদয়ের কথা কান পেতে শোনার
ভুলে যাওয়া স্বপ্নের জাল বুনার
হারিয়ে যাওয়া হাতটি আবার ধরার
ক্ষমাহীনা কে আবার ক্ষমা করার।
একটু অবসর চাই
আয়নায় নিজের মুখোমুখি হওয়ার
আত্ম-জিজ্ঞাসার কৈফিয়ত চাওয়ার
ভুলগুলো নতুন করে মূল্যায়ন করার
ভেঙে যাওয়া সম্পর্ক নতুন করে গড়ার
একটু অবসর চাই
একটা অবাক সূর্যোদয়ের মূহুর্ত দেখার
প্রকৃতির কাছে বসে নতুন কিছু শেখার
ঝরা পাতার মর্মরে মরমে মরমে মেশার
মাতাল হতে মহুয়ার পাগল করা নেশার।
একটু অবসর চাই
একান্তে দুজনে দুজনার মুখোমুখি বসার
রচিতে নতুন করে বিস্মৃতপ্রায় অভিসার
হারিয়ে যাওয়া ভালোবাসা আবার খোঁজার
ভুল বুঝাবুঝিগুলোকে নতুন করে বোঝার।
একটু অবসর চাই
ভুলে যাওয়া চিঠিটা ভরতে নীল খামে
পুরনো দুঃখগুলো বেঁচতে সঠিক দামে
শুকিয়ে যাওয়া অশ্রুর মূল্য ফেরত দিতে
বিনামূল্যের কষ্টগুলোর দাম ফেরত নিতে।
একটু অবসর চাই,
আবার সবকিছু নতুনভাবে শুরু করার
জয়ের চেয়ে অনেক বেশী গৌরবে হারার
পাওয়ার চেয়েও অনেক বেশী দেওয়ার
সংসার থেকে শুধু সারটুকু তুলে নেয়ার।
একটু অবসর চাই
নিজের মতো একটা দিন হলেও বাঁচতে
নিজের কাছে নিজের মূল্য কত যাঁচতে
সাহসী হতে স্রোতের বিপরীতে লড়ার
মরার আগে একদিন সত্যিকারের মরার।
একটু অবসর চাই
মনের কথাগুলো কবিতায় প্রকাশের
কল্পনার ডানা মেলে পাখি হতে আকাশের
কে দিবে অবসর! এখন তা অন্যের দখলে
মরণেই অবসর চাই, শেষ বিদায়ের কালে।
একটি রাজপথের জবানবন্দি
আমি এই জনপদের একটা ব্যস্ত রাজপথ
যদিও কখনো দেখিনি রাজার কোনো রথ
আমার বুকে রাতদিন চড়ে বিচিত্র কত যান
খোড়াখুড়ির অত্যাচারে আমার ওষ্ঠাগত প্রাণ।
আমি মহাকালের স্বাক্ষী, ইতিহাসের আঁতুড়ঘর
সরকারী ও বিরোধী দল কেউ নয় আমার পর
যে যখন দখলে নেয় আমি হয়ে যাই তখন তার
আন্দোলনের নতুন শ্লোগানে হয়ে যাই একাকার।
আমি শুনেছি শ্লোগানের ভাষা বদলে যাওয়া
আমি দেখেছি মিছিলে জনতার শামিল হওয়া
আমি দেখেছি কেমনে মিছিলের মুখগুলো পাল্টায়
দেখেছি প্রতিবাদের ঝড়ে স্বৈরাচারের গদি উল্টায়।
লাখো বুকের তাজা রক্তে বারবার হয়েছি রঞ্জিত
কত মায়ের হাহাকার আমার বুকের গহিনে সঞ্চিত
আমি সর্বংসহা, আমার নেই যে কোনো প্রতিবাদ
আমার হৃদয়ে কান পেতে শুনো কালের আর্তনাদ।
আমার বুকে জন্ম নিয়েছে কত কালজয়ী নেতা
আমার বুকে লিখা আছে কত ইতিহাসের কবিতা
আমার পোড়া চোখে দেখেছি কত নক্ষত্রের পতন
দেশ পাল্টায়, মানুষ পাল্টায়, আমি আগের মতন।
আমি দেখেছি মিছিলের মানুষের ক্ষমতায় যাওয়া
ক্ষমতায় গিয়ে আমার কথা বেমালুম ভুলে যাওয়া
ওরা জানে না, আবার ফিরতে হবে আমারই বুকে
আমায় উপেক্ষা করে কেও থাকেনি ক্ষমতার সুখে।
আমি স্বপ্ন দেখি, একদিন থেমে যাবে সব মিছিল
সাম্যে, ন্যায়ে ও শান্তিতে ভরে যাবে বিশ্বনিখিল
সৌহার্দ্য ও সম্প্রীতির বাণী ছড়িয়ে যাবে ঘরেঘরে
রাজপথের কান্না সেদিন ঘুচবে চিরদিনের তরে।।