পড়তে আমার ভাল্লাগেনা

পড়তে আমার ভাল্লাগেনা

-সুপর্ণা এলিস গমেজ
পড়তে আমার ভাল্লাগেনা

বনবাদাড়ে ঘুরি,

লেখা পড়া বাদ দিয়ে ওই

নীল আকাশে উড়ি।

সবুজ পাতা কুড়িয়ে নিয়ে

বানাই পাতার বাঁশি,

মেঘ আকাশে উদাসী মন

বৃষ্টি ভালোবাসি।

খালের জলে ঝাঁপিয়ে পড়ি

কলা গাছের ভেলায়,

মাঠের ‘পরে দাপিয়ে বেড়াই

নানান রকম খেলায়।

গাছের ডালে পা দুলিয়ে

হিজল ফুলে সাজি,

দূর আকাশে পাখি হতে

নিত্য আমি রাজি।

পড়তে আমার ভাল্লাগেনা

ভাল্লাগেনা লেখা,

জানলা দিয়ে উদাস দেখি

দিগন্তের ওই রেখা।